শরীয়তপুর পুলিশের কার্যক্রমের সহযোগিতায় যুক্ত হলো ২টি পুলিশ ভ্যান
- আপডেট সময় : ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ ভিউ
স্টাফ রিপোর্টার ॥
শরীয়তপুর জেলা পুলিশের বহরে নতুন দু’টি পুলিশ ভ্যান যুক্ত করা হয়েছে। নতুন ভ্যান দু’টির চাবি শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানের হাতে তুলে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপারের হাতে নতুন দু’টি ভ্যানের চাবি হস্তান্তর করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চাবি হস্তান্তরের সময় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আধুনিক যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকা গুরুত্বপূর্ণ। নতুন যানবাহনগুলো জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুলিশ সুপার রওনক জাহান নতুন দু’টি পুলিশ ভ্যান জেলা পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে বলে জানান। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং পুলিশের নিয়মিত কার্যক্রমে এসব যানবাহন ব্যবহারের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চাবি হস্তান্তরের পর উপস্থিত কর্মকর্তারা নতুন পুলিশ ভ্যান দুটি পরিদর্শন করেন। এ সময় পুলিশ ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।


















